ট্রাম্প কখনোই ইসলামিক রিপাবলিককে নিশ্চিহ্ন করতে পারবে না : খামেনি

ট্রাম্প কখনোই ইসলামিক রিপাবলিককে নিশ্চিহ্ন করতে পারবে না : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি স্বীকার করেছেন যে ৪৭ বছরেও আমেরিকা ইসলামিক রিপাবলিককে নির্মূল করতে পারেনি। এটি একটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি, আপনারা কখনোই এটি করতে পারবেন না। মঙ্গলবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের ১৯৭৮ সালের তাবরিজ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাবেশে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি নিয়ে দম্ভোক্তির প্রতিক্রিয়ায় বলেন, তারা বলে তাদের সামরিক বাহিনী বিশ্বে সবচেয়ে শক্তিশালী। কিন্তু সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে, যা থেকে আর কখনো উঠে দাঁড়ানো সম্ভব নয়।

ইরানের দিকে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে তিনি মন্তব্য করেন, যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক সেই অস্ত্র যা একে সাগরের তলদেশে ডুবিয়ে দিতে পারে।

খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি বা শর্তারোপের মূল উদ্দেশ্য ইরানি জাতির ওপর আধিপত্য বিস্তার করা। তবে ইরানি জাতি তাদের ইসলামি ও শিয়া শিক্ষা সম্পর্কে সচেতন। 

ইমাম হুসাইন (আ.)-এর আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের মতো জাতি যারা এমন সংস্কৃতি ও বিশ্বাস ধারণ করে, তারা আমেরিকার দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কাছে কখনোই আনুগত্য স্বীকার করবে না।

পারমাণবিক ইস্যুতে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আন্তর্জাতিক কাঠামোর আওতায় স্বীকৃত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিধিবিধানেও এই অধিকার রয়েছে। এই অধিকার খর্ব করার যেকোনো বাহ্যিক চাপকে তিনি ‘অযৌক্তিক আচরণ’ হিসেবে অভিহিত করেন। 

জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো দেশের জন্য প্রতিরোধমূলক সামরিক সক্ষমতা থাকা অপরিহার্য, কারণ পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে দেশ ঝুঁকির মুখে পড়ে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন