ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইকমিশনার জানান, শপথ অনুষ্ঠানের পর ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা তার কাছে পৌঁছে দেন। এ সময় তিনি তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সাক্ষাতকালে উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শপথের পরপরই এই আমন্ত্রণ দুই দেশের সম্পর্কের বরফ গলাতে এবং নতুন অধ্যায় শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসা মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসব সাক্ষাতে বন্ধুপ্রতীম দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিশ্বনেতাদের এই মিলনমেলা এবং ত্বরিত সৌজন্য সাক্ষাৎ নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক যাত্রার এক ইতিবাচক সূচনা হিসেবে দেখা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ