ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ২৮ জন বাংলাদেশি শিশু-কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতিতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশনের তথ্যমতে, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কনস্যুলার শাখা থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ অনুসারে এসব বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। পরে বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় তাদের বাংলাদেশের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস জানান, ফেরত আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়েছিল। পরে সেদেশের পুলিশের হাতে আটক হলে তাদের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়। দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ তৎপরতায় তারা স্বদেশে ফেরার অনুমতি পায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, নিয়মিত সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের গ্রহণ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় মানবাধিকার কর্মীদের জিম্মায় দেওয়া হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, জাস্টিস অ্যান্ড কেয়ার ১০ জন, রাইটস যশোর ১০ জন এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৮ জনকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে।
ফেরত আসারা হলো—কুড়িগ্রামের অর্জিনা, হাওয়া মনি, সোমা খাতুন, আব্দুল মোতালেব, রাহুল ও নূর নবী; রংপুরের চয়ন চন্দ্র রায়, গোভির চন্দ্র রায় ও বন্ধন চন্দ্র রায়; পিরোজপুরের সাব্বির তালুকদার; সাতক্ষীরার তামিম হোসেন ও আলামিন বিশ্বাস; যশোরের হোসিফা হাসান, মোসাদ হাসান ও সাবনুর খাতুন; বাগেরহাটের হৃদয় মন্ডল, ওসমান মোড়ল ও তানজিলা আক্তার; নড়াইলের রাকিবুল মোল্লা, রিহান মন্ডল ও আব্দুল আলী মুন্সী; নাটোরের নাজনিন নাহার তিথি; কুমিল্লার আয়েশা আক্তার; খুলনার জয় দাস, পুষ্পিতা দাস ও নাহিদ হাসান; এবং ময়মনসিংহের রাসেল মিয়া।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ