রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। 

বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে বিশেষ নজর দিতে হবে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। রমজানকে তাকওয়া অর্জন ও পারস্পরিক সহমর্মিতার মাস উল্লেখ করে তিনি দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে দেশবাসীকে কুরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনে আত্মশুদ্ধির মাস হিসেবে রমজানকে গ্রহণ করার অনুরোধ করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সাড়ে পনেরো বছরের জুলুমের অবসান ঘটিয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তবে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি, স্বস্তি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ন্যায়সংগত সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন