কুবিসাসের এক যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

কুবিসাসের এক যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর এক যুগ পূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। কুবিসাসের দপ্তর সম্পাদক চৌধুরী মাছাবিহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি সাঈদ হাসান। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত সাংবাদিক এবং রাজনৈতিক ও নিবন্ধিত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, সাংবাদিকতা সমাজের আয়নার মতো; প্রতিবিম্ব যত বাস্তবসম্মত হবে, সাংবাদিকতা তত স্বচ্ছ হবে। সাংবাদিকদের কোনো দল নেই, তারা নির্যাতিত ও মজলুমের পক্ষে কথা বলে। ইতিবাচক সংবাদ প্রচারের ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। তিনি আরও বলেন, গত দেড় বছরে একাডেমিক কার্যক্রম এগিয়েছে এবং স্কলারশিপ চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে সত্যের পথে থেকে কাজ করতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, সৎ সাহস নিয়ে সত্য তুলে ধরাই সাংবাদিকতার মূল শক্তি। বিভিন্ন সংকট ও আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সুন্দর ক্যাম্পাস গঠনে অবদান রেখেছেন। প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা এক ধরনের ইবাদত; মজলুমের পক্ষে দাঁড়ানোই এর প্রধান দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন, তারা আগে শিক্ষার্থী, পরে সাংবাদিক; তাই বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার দায়িত্বও তাদের। সদ্য বিদায়ী সভাপতি সাঈদ হাসান প্রতিষ্ঠাকালীন ও সাবেক নেতৃবৃন্দের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন