কাজ করিয়ে ৫ হাজার টাকাও দেননি সাবেক উপদেষ্টা মাহফুজ!

কাজ করিয়ে ৫ হাজার টাকাও দেননি সাবেক উপদেষ্টা মাহফুজ!

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে গ্রাফিক্স ডিজাইনারের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছেন আব্দুল্লাহ হিল বাকী। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। বাকী দাবি করেন, পদত্যাগের আগে নিজের কাজের ফিরিস্তি তুলে ধরতে জরুরি ভিত্তিতে ডিজাইন করিয়ে নিলেও গত দুই মাসে সেই কাজের নামমাত্র পারিশ্রমিক ৫ হাজার টাকাও পরিশোধ করেননি মাহফুজ আলম বা তার লোকজন।

ফেসবুক পোস্টে আব্দুল্লাহ হিল বাকী লেখেন, মাহফুজ আলম পদত্যাগের ঠিক ১-২ দিন আগে জরুরি ভিত্তিতে নিজের কাজের খতিয়ান তুলে ধরতে গ্রাফিক্স ডিজাইনের লোক খোঁজেন। বাকীর মাধ্যমে এক ডিজাইনার ও কন্টেন্ট রাইটার সারা রাত জেগে সেই কাজ করে দেন। কথা ছিল কাজের বিনিময়ে ৫ হাজার টাকা সম্মানী দেওয়া হবে। কিন্তু ডিসেম্বর মাসের সেই কাজের টাকা ফেব্রুয়ারি পার হয়ে গেলেও পরিশোধ করা হয়নি।

বাকী তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারা রাত জাগার সম্মানী হিসেবে উনারা ৫ হাজার টাকা দিতে চান। কিন্তু ডিসেম্বরের সেই টাকা আজ পর্যন্ত দেননি। সিফাত নামের একজনকে বারবার বলার পরেও কোনো কাজ হয়নি।” তিনি আরও উল্লেখ করেন, ডিজাইনারের কষ্টের পারিশ্রমিক না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজেই সেই টাকা পরিশোধ করে দিয়েছেন।

পোস্টে সাবেক উপদেষ্টার আচরণের তীব্র সমালোচনা করে বাকী লেখেন, “উনি এখন অনেক বড় বড় কথা বলেন, এরে গাদ্দার-ওরে মুনাফিক বানান। কিন্তু আমরা মুখ খুললে অনেকের লুঙ্গি খুলে যাবে। বড় ভাই হিসেবে সম্মান ধরে রাখতে চাইলে আগে নিজের কৃতকর্মের দিকে তাকান।” ৫ হাজার টাকা খুবই ছোট অংক হলেও মাহফুজ আলমের ‘খাইস্টামি’ বা অসদাচরণ তুলে ধরতেই তিনি এই পোস্ট দিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন