গলাচিপায় ভিপি নুরের মন্ত্রীত্ব লাভ ও ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

গলাচিপায় ভিপি নুরের মন্ত্রীত্ব লাভ ও ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ‘শিক্ষা, অধিকার ও প্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে শুরু হওয়া বিশাল আনন্দ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরমঞ্চে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা নুরুল হক নুরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকে গলাচিপা ও দশমিনার মানুষের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

র‍্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি, যুগ্ম আহ্বায়ক সোহেব মাস্টার, যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, যুব অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আমির হোসেন, শ্রমিক অধিকার পরিষদ নেতা নাজমুল হাসান ও মুন্না প্রমুখ।

সমাবেশে আরিফ বিল্লাহ বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং সাম্প্রতিক সরকার পতন আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা ছিল দৃশ্যমান। অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থেকে এই সংগঠন সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে। আজ আমাদের গর্বের দিন, কারণ এই সংগঠনের নেতা ভিপি নুর জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।” তিনি আরও বলেন, “গলাচিপা ও দশমিনার মাটি নুরের জন্মভূমি। আমরা বিশ্বাস করি, তিনি এই অঞ্চলকে সারা দেশের মধ্যে একটি রোল মডেল উপজেলায় পরিণত করবেন। বিশেষ করে গলাচিপা ব্রিজ ও আধুনিক হাসপাতাল স্থাপনের মতো দীর্ঘদিনের দাবিগুলো তার হাত ধরেই বাস্তবায়িত হবে।”

প্রতিনিধি/সকালবেলা

মন্তব্য করুন