প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা দীর্ঘ ১৮ বছরের রাজনৈতিক নির্বাসন ও অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ মাস পর এই নির্বাচনের মাধ্যমে দেশ একটি নির্বাচিত সরকারের অধীনে যাত্রা শুরু করল।

ঐতিহ্যগতভাবে শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হলেও এবার তা খোলা আকাশের নিচে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়, যাকে ‘প্রতীকী’ ও ‘ব্যতিক্রমী’ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তারেক রহমানসহ ২৯৭ জন প্রতিনিধি।

মন্তব্য করুন