এপ্রিলে আত্মহত্যা করেছে ইসরায়েলের ৮ সেনা

এপ্রিলে আত্মহত্যা করেছে ইসরায়েলের ৮ সেনা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনী ও পুলিশের মধ্যে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কেবল ২০২৬ সালের এপ্রিল মাসেই অন্তত ৮ জন সেনা ও পুলিশ সদস্য নিজের জীবন শেষ করে দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন দায়িত্বরত সেনা সদস্য আত্মহত্যা করেছেন, যার মধ্যে ৬টি ঘটনাই ঘটেছে এপ্রিল মাসে। এছাড়া এই এপ্রিল মাসেই গাজা যুদ্ধে অংশ নেওয়া ৩ জন রিজার্ভ সেনা এবং ২ জন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে এই প্রবণতা ক্রমাগত বাড়ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, বিগত ১৫ বছরের মধ্যে বর্তমানে আত্মহত্যার হার সর্বোচ্চ। ২০২৩ সালের শেষ কয়েক মাসে ৭ জন, ২০২৪ সালে ২১ জন এবং ২০২৫ সালে ২২ জন সেনা সদস্যের আত্মহত্যার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যার এই ঊর্ধ্বগতির পেছনে বেশ কিছু গুরুতর কারণ রয়েছে: দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট তীব্র মানসিক চাপ। ২০২৩ সাল থেকে সেনাদের মধ্যে ‘পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ (PTSD)-এর হার প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিরতিহীন দীর্ঘ কর্মঘণ্টা এবং কমান্ডারদের পক্ষ থেকে অতিরিক্ত চাপের মুখে থাকা। অনেক সেনাকে কোনো বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীর পরামর্শ ছাড়াই যুদ্ধক্ষেত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হারেৎজ-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ ও ২০২৫ সালে আত্মহত্যা করা সেনাদের মধ্যে অন্তত ৭৫ শতাংশই গাজা যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন