সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টা

সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৈতৃক সম্পত্তির লোভে সিয়াম মিয়া (১৩) নামে এক এতিম শিশুকে অমানুষিক নির্যাতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বখাটেদের দিয়ে ওই শিশুকে পিটিয়ে পাড়কোনা ব্রিজ সংলগ্ন এলাকায় অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। বর্তমানে সিয়াম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী সিয়াম উপজেলার কয়খা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে একই গ্রামের মেহেদী (২৬) ও ইমরান (২৫) নামে দুই বখাটে ঝালমুড়ি খাওয়ার কথা বলে সিয়ামকে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে অচেতন অবস্থায় ব্রিজের পাশে ফেলে রেখে যায়। জ্ঞান ফেরার পর এক পথচারীর সহায়তায় সিয়াম বাড়িতে ফিরলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বেডে শুয়ে সিয়াম জানায়, মারধরের সময় সে কারণ জানতে চাইলে মেহেদী ও ইমরান তাকে বলে যে, স্থানীয় কাঠ ব্যবসায়ী রেজোয়ান মিয়া তাকে মারার জন্য তাদের ২০ হাজার টাকা দিয়েছে। সিয়ামের অভিযোগ, পৈতৃক সম্পত্তির লোভেই তার আপন চাচাতো ভাই রেজোয়ান এই ষড়যন্ত্র করেছেন।

কাঠ ব্যবসায়ী রেজোয়ান মিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই বখাটে মেহেদী গাজী ও ইমরান হোসেন এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন