ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সাকের খান, মদন (নেত্রকোনা): নেত্রকোণার মদন উপজেলায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বালই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে মদন থানার এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বালই ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বালই ব্রিজের পাশে জনৈক উজ্জ্বলের মনোহারি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রিপন মিয়া (৩০) ও মোঃ একরাম হোসেন রাব্বি (২৩)। তাঁরা উভয়েই নেত্রকোণার খালিয়াজুরী থানার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপন মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃত আসামিদের দ্রুত আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ