ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে মারপিট ও সংঘর্ষের মামলায় আসামি করার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে নাটোর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে শিশুটি সশরীরে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো: রফিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় পূর্ব বিরোধের জেরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদি ওই এলাকার শাজাহান আলীর ছেলে মো: হোসেনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করেন। অথচ শিশু হোসেনের জন্মসনদ অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র সাত বছর (জন্ম: ২৪ সেপ্টেম্বর ২০১৮)।
আসামি পক্ষের আইনজীবী মো: শামীম হোসেন বলেন, "একটি সাত বছরের শিশু কীভাবে হামলা বা সংঘর্ষে অংশ নিতে পারে, তা বোধগম্য নয়। শত্রুতার জেরে পরিবারের সবাইকে ফাঁসাতে গিয়ে এই অবুঝ শিশুটিকেও আসামি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।" আদালত বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে শিশুটির জামিন মঞ্জুর করেছেন।
এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছেন, মামলা করার ক্ষেত্রে ন্যূনতম যাচাই-বাছাই না থাকা এবং তদন্তকারী কর্মকর্তাদের অবহেলার কারণেই একটি শিশুকে আদালত পর্যন্ত দৌড়াতে হলো। কোনো নিরপরাধ শিশু যেন এমন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ