পাঁচবিবিতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্মারকলিপি প্রদান

পাঁচবিবিতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্মারকলিপি প্রদান

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মো. আফজাল হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে পাঁচবিবিবাসীর পক্ষে গোলাম নবী এই স্মারকলিপি তুলে দেন।

জানা গেছে, রবিবার বিকেল ৪টার দিকে মহাপরিচালক সান্তাহার থেকে গ্যাংকারযোগে সরকারি সফরে পাঁচবিবি স্টেশনে পৌঁছান। এর আগে স্থানীয়রা একটি ছোট শিশুর লাল গেঞ্জি ও হাত নাড়িয়ে সংকেত দিলে ডিজির বহনকারী গ্যাংকারটি থামানো হয়। এরপর এলাকাবাসীর পক্ষ থেকে মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৃহত্তর পাঁচবিবি উপজেলাবাসী দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে এই স্টেশন থেকে খুলনাগামী (দক্ষিণাঞ্চল) কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই। মজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত এই উপজেলাটি উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ গোহাট ও কাঁচামালের ব্যবসার জন্য প্রসিদ্ধ। পার্শ্ববর্তী ধামইরহাট, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও হাকিমপুর উপজেলার বিপুলসংখ্যক মানুষ এই স্টেশনটি ব্যবহার করেন।

পাঁচবিবিতে সরকারি অনার্স কলেজসহ দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় ব্যবসায়ীরা রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে সরকারও বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। দ্রুত রূপসা, সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি কার্যকর করে এই অঞ্চলের মানুষের রেল যোগাযোগ সহজ করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি গ্রহণকালে মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন জানান, পাঁচবিবিবাসীর এই দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন