ফ্লোরিডায় লিমন খুন: জামালপুরে শোকের মাতম

ফ্লোরিডায় লিমন খুন: জামালপুরে শোকের মাতম

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের কৃতি সন্তান জামিল আহমেদ লিমন (২৭)। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রাম এখন শোকে স্তব্ধ। লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁর স্বজনরা।

স্বজনরা জানান, গত ১৭ এপ্রিল থেকে ফ্লোরিডায় নিখোঁজ ছিলেন লিমন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এক বছর আগে পিএইচডির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। গত শুক্রবার ফ্লোরিডার স্থানীয় পুলিশ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। লিমনের সাথে থাকা তাঁর বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।

দুই ভাইয়ের মধ্যে লিমন ছিলেন বড়। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী লিমনের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে দেশের সেবা করা। তাঁর দাদা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আলতাফুর রহমান কান্নায় ভেঙে পড়ে বলেন, "লিমন ছিল আমাদের গ্রামের গর্ব। বাড়িতে আসলেই আমার কাছে মিষ্টি খাওয়ার বায়না ধরত। ওর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" লিমনের জেঠা জিয়াউল হক জানান, ২০২৩ সালে তাঁর মেয়ের বিয়েতে শেষবারের মতো বাড়িতে এসেছিলেন লিমন।

বর্তমানে লিমনের পরিবার ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করলেও তাঁর নাড়ির টান ছিল গ্রামের বাড়ির সাথে। স্বজনদের শেষ ইচ্ছা—লিমনের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং তাঁর প্রিয় লালডোবা গ্রামেই তাঁকে দাফন করা হয়। এ বিষয়ে তাঁরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন