ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে এবং ন্যায্য জ্বালানি রূপান্তর এখন সময়ের দাবি—এই স্লোগানকে সামনে রেখে মোংলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে মোংলার নারিকেলতলা এলাকায় পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
আগামী ২৮-২৯ এপ্রিল কলম্বিয়ার সান্তা মার্তায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে "যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও" শীর্ষক প্রতিপাদ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবন-জীবিকায়। তাই জ্বালানি ব্যবস্থাকে বাণিজ্যমুখী না করে জনবান্ধব ও গণতান্ত্রিক করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ধরার কেন্দ্রীয় নেতা নূর আলম শেখ বলেন, “আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি পরিহার করে জ্বালানি সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনকে হুমকির মুখে ফেলছে।” তবে রামপালে সরকারের ৪৪২ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগকে বক্তারা স্বাগত জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা উম্মে রাফিয়া জাহান মিশু, ধরা’র নেত্রী ছবি হাজরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর অ্যাডলিনা পায়েল এবং সুন্দরবন রক্ষায় আমরা’র মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা অর্থনীতি, পরিবেশ এবং জননিরাপত্তার স্বার্থে দ্রুত কয়লা ও তেল নির্ভর জ্বালানি থেকে সরে এসে টেকসই নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ