ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে স্থানীয় সরকার ও পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সকল পোলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়। ফিলিস্তিন কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের পর শুধুমাত্র পোলিং স্টেশনের ভেতরে অবস্থানরত ভোটারদেরই ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম তীরের ১৮৩টি স্থানীয় সরকার ইউনিটের প্রতিনিধি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেল ৫টা পর্যন্ত পশ্চিম তীর এবং গাজার দেইর আল-বালাহ পৌরসভাসহ সর্বত্র গড়ে ৪০.৬২ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। এদিন সকাল ৭টা থেকে ৪৯১টি কেন্দ্রে ১,৯২২টি ব্যালট বাক্সের মাধ্যমে প্রায় ১০ লাখ ৩০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহ-এর অংশগ্রহণ। ইসরায়েলি হামলার শিকার গাজার অন্যান্য এলাকার তুলনায় অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত এই শহরে দীর্ঘ ২২ বছর পর প্রথমবারের মতো নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন। তবে প্রশাসনিক কারণে এই এলাকায় ভোটগ্রহণ সন্ধ্যা ৬টার মধ্যেই সম্পন্ন করা হয়।
এই নির্বাচনে ১৮৩টি ইউনিটের মধ্যে ৯০টি পৌরসভা এবং ৯৩টি গ্রাম কাউন্সিল অন্তর্ভুক্ত ছিল। সব মিলিয়ে ৩,৭৭৩ জন প্রার্থী পৌরসভা কাউন্সিল এবং ১,৩৫৮ জন প্রার্থী গ্রাম কাউন্সিলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ