মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শিক্ষা থেকে ঝরে পড়া রোধ এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইনুমেন্ট সলিউশনস ও স্বেচ্ছাসেবী সংগঠন 'সেবক সংঘ'। 

রবিবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার দক্ষিণ চরমশুরা এলাকায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বৃত্তির অর্থ এবং দরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দক্ষিণ চরমশুরা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এছাড়া উচ্চ বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মাসিক শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়েছে। শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে গ্রামের ৬০টি দরিদ্র পরিবারকে এক বস্তা চালের সমপরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সেবক সংঘের সভাপতি মো. মঞ্জুরুল আলম মামুন বলেন, “অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবন থমকে না যায়, সেটিই আমাদের লক্ষ্য। একটি গ্রামের সামগ্রিক চিত্র বদলে দিতে শিক্ষার কোনো বিকল্প নেই।” উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা বৃত্তি, ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং অসহায়দের কর্মসংস্থানের লক্ষ্যে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মো. লুৎফর রহমান, সদস্য মো. মোক্তার হোসেন, মো. আজহার হোসেন, মো. আফজাল হোসেন বাবু, মাহবুব আলম মিঠু ও মো. নুরুজ্জামান লিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন