সাংবাদিকের ওপর হামলা: আসামি গ্রেপ্তারে গড়িমসি

সাংবাদিকের ওপর হামলা: আসামি গ্রেপ্তারে গড়িমসি

মো: কোরবান আলী, উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বালসাবাড়ী এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা হাইব্রিড সিল্ক সুতা খালাসের খবর পেয়ে সংবাদের সত্যতা যাচাই করতে যান কয়েকজন সাংবাদিক। সেখানে পৌঁছামাত্র আলামিন জোয়াদ্দার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত ও পরিকল্পিত হামলা চালায়।

হামলায় দৈনিক শ্যামল বাংলার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আতাউর রহমান রাজু এবং গ্রীন টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম গুরুতর আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা করে। ঘটনার পর থানায় মামলা হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম এই হামলাকে স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, এ আর জাহাঙ্গীর বলেন, “৪৮ ঘণ্টা পার হওয়ার পরও কোনো গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।” অভিযোগ উঠেছে, অভিযুক্তরা প্রভাবশালী মহলের আশ্রয়ে থেকে আইনের হাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান জানান, এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন