ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেশ কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত রাজধানীর জনজীবনে অবশেষে স্বস্তি নিয়ে এসেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। তবে সব এলাকায় নয়, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইল, কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও হালকা আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখা গেছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর দুপুরের দিকে কিছু এলাকায় ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকাল সোয়া ৪টা নাগাদ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত বৃষ্টি শুরু হয়। এতে দীর্ঘ তাপদাহের পর জনমনে স্বস্তি ফিরেছে এবং তাপমাত্রা কিছুটা কমেছে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
বর্তমানে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। ভারী বৃষ্টির সতর্কবার্তায় জানানো হয়েছে, পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে ওই সব এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরির শঙ্কা রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ