ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ১১ দলীয় জোটের নেতা নাহিদ ইসলাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই অভিযোগে তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। তবে গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন, যার ফলে কাইয়ুমের প্রার্থিতা বহাল থাকে।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আজ (শনিবার) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবীরা জানিয়েছেন, আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
রাজধানীর রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে উচ্চ আদালতে আইনি এই লড়াই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ