সীমান্তে দফায় দফায় রুশ হামলা, পোল্যান্ডের দুই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

সীমান্তে দফায় দফায় রুশ হামলা, পোল্যান্ডের দুই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ইউক্রেন সীমান্তে রাশিয়ার দফায় দফায় হামলার কারণে নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের দুইটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) পোলিশ কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।

পোল্যান্ডের এয়ার নেভিগেশন সার্ভিস জানিয়েছে, সামরিক বিমান চলাচলের পথ নিরাপদ রাখতে এবং আকাশসীমা সুরক্ষায় রেজেসো এবং লুবলিন বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই দুইটি শহরই ইউক্রেন সীমান্তের খুব কাছে অবস্থিত।

বিশেষ করে রেজেসো বিমানবন্দরটি ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই ইউক্রেনে ন্যাটোর বেশির ভাগ অস্ত্র সরবরাহ করা হয়।

পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে রাশিয়ার হামলার কারণে পোলিশ আকাশসীমায় সামরিক বিমানের আনাগোনা বেড়েছে। আকাশসীমা নিরাপদ রাখতেই এই আগাম সতর্কতা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, ন্যাটোর সামরিক বিমান চলাচলের সুবিধার জন্যই সাধারণ ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত মাসেও একই কারণে এই এলাকায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন