ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে বাংলাদেশ। তবে এবারের আসরটি হতে যাচ্ছে ব্যতিক্রমী। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশকে ছাড়া আজ শনিবার মাঠে গড়াচ্ছে বৈশ্বিক এই আসর।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের ২০ দলের টুর্নামেন্ট। বাংলাদেশও অংশ নিতে পারত, তবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমান বাদ পড়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান ভারতবিরোধী গ্রুপ ম্যাচ বয়কটের সরকারি সিদ্ধান্তও নিয়েছে। ফলে বাংলাদেশ অনুপস্থিত থাকলেও পুরো টুর্নামেন্টজুড়ে এই অঞ্চলের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব থাকছে।
উদ্বোধনী দিনে শনিবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কলম্বোয় গ্রুপ ‘এ’-তে সকাল সাড়ে ১১টায় পাকিস্তান ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে। বিকাল ৩টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ ‘সি’-তে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুম্বাইয়ে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সব ম্যাচই সম্প্রচার করা হবে নাগরিক টিভিতে।
উদ্বোধনী দিনে বাংলাদেশের জায়গায় মাঠে নামছে স্কটল্যান্ড। ফলে বাংলাদেশি দর্শকদের কাছে এবারের বিশ্বকাপ আক্ষেপের নাম হয়ে উঠেছে। তবে শেষ মুহূর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড বড় মঞ্চে নিজেদের প্রমাণে আত্মবিশ্বাসী।
বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে স্কটল্যান্ডের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট বলেন, “বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আমরা গভীরভাবে সহানুভূতিশীল। তবে এই টুর্নামেন্টে আমাদের জায়গা পাওয়া ন্যায্য বলেই আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আমাদের চেয়ে ভালো র্যাঙ্কিংয়ের দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। তাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড এবার টানা পঞ্চমবার খেলছে। অন্যদিকে, ২০০৭ সালে টুর্নামেন্ট শুরুর পর এই প্রথমবার বিশ্বকাপ মিস করছে বাংলাদেশ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ