ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

এদিকে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটেই এই আলোচনা অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি রোধ করা।

আলোচনা ইতিবাচক উল্লেখ করে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। মনে হচ্ছে, ইরান চুক্তি করতে আগ্রহী। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।”

আলোচনার মধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা

ওমানে আলোচনা চলার সময়ই ইরানকে লক্ষ্য করে একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে বলা হয়েছে, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।

এদিকে জানা গেছে, বৈঠকে মূলত পরমাণু ইস্যু নিয়েই আলোচনা হয়েছে। সেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়টি উত্থাপিত হয়নি। আলোচনায় ইরান জানায়, যুক্তরাষ্ট্রের দাবির পরিপ্রেক্ষিতে তারা নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। তবে বিকল্প কিছু প্রস্তাব বিবেচনায় নিলে সেখানে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন