হাসপাতালের টয়লেট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
হাসপাতালের টয়লেট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মো. সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মো. তৈয়ব আলী হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের টয়লেট থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তৈয়ব আলী বেতাগী সদর ইউনিয়নের বাগলেরপাড় এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, পেটব্যথাজনিত সমস্যা নিয়ে সোমবার (১১ মে) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে তিনি হাসপাতালের টয়লেটে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে গিয়ে তাঁকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার রুমন জানান, তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন