নিজস্ব প্রতিবেদক: গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) দিবাগত রাতে বিশেষ জেট এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে দেশটির একটি উন্নত হাসপাতালে স্থানান্তর করা হয়।
কারিনা কায়সারের বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ডিফেন্ডার কায়সার হামিদ মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারিনার সঙ্গে তাঁর মা লোপা কায়সার গেছেন। এছাড়া সম্ভাব্য লিভার দাতা (ডোনার) হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদ।
গত শুক্রবার (৮ মে) রাত থেকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই–তে আক্রান্ত হয়েছেন। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাঁর ‘লিভার ফেইলিউর’ দেখা দেয়।
কায়সার হামিদ জানিয়েছেন, মেয়ের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবার বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে। হাসপাতালের খরচ ও এয়ার অ্যাম্বুল্যান্সের বিল মেটাতে পারিবারিক ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নিতে হয়েছে তাঁদের।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও সমাদৃত কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ সিরিজে কাজ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তাঁর এই অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করছেন।