আমতলীতে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
আমতলীতে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে জন্মদাতা পিতা ওসমান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) আমতলী থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ওসমান মোল্লা তাঁর ১৩ বছর বয়সী মেয়ের ওপর গত ২৫ এপ্রিল রাতে পৈশাচিক নির্যাতন চালান। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে জাগিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনা ও ধর্ষণ করেন তিনি। কিশোরীর মা বিষয়টি দেখে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ওসমান মোল্লা পালিয়ে যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত ওসমান পলাতক ছিলেন। মঙ্গলবার নিজ বাড়িতে ফিরলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এদিনই কিশোরীর মা বাদী হয়ে আমতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। নির্যাতিতা কিশোরী কান্নাজড়িত কণ্ঠে নিজের পিতার এই জঘন্য কর্মকাণ্ডের বিচার দাবি করেছে। মা-ও তাঁর স্বামীর এমন পৈশাচিক আচরণের জন্য কঠোর শাস্তি কামনা করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন