আমি না থাকলেও যেন মানুষ বলে সাদিয়া কোথায়

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
আমি না থাকলেও যেন মানুষ বলে সাদিয়া কোথায়

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিগত অনুভূতি ও জীবনবোধ নিয়ে প্রায়ই কথা বলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে মা, ধৈর্য এবং নিজের মানবিক সত্তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই অভিনেত্রী।

সাদিয়া আয়মান তার মাকে নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন। তিনি বলেন, “আমি চাই যেন একটা সময় আমার আম্মুর মতো হতে পারি। যেখানেই আমি যাই, আমি না থাকলে মানুষ যেন আমাকে খুঁজতে থাকে। আম্মু আমার দেখা সবথেকে ধৈর্যশীল নারী। মন জয় করে কীভাবে চলতে হয়, সেটা আমি আম্মুর থেকেই শিখেছি।”

নিজেকে আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল দাবি করে সাদিয়া বলেন, “আগে আমি অনেক অধৈর্যশীল ও চঞ্চল ছিলাম, খুব দ্রুত কথা বলতাম। এখন নিজেকে অনেক পরিণত করছি। মিডিয়ায় কাজ করার পর থেকে আমি আরও ধৈর্যশীল হয়েছি।” চেহারার দিক থেকেও নিজেকে মায়ের ‘ওল্ডার ভার্সন’ হিসেবে কল্পনা করতে পছন্দ করেন এই তরুণ অভিনেত্রী।

সাদিয়া নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। শুটিং সেটের কঠিন অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, কীভাবে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি আউটডোর শুটিংয়ে দীর্ঘক্ষণ না খেয়ে কাজ করার সময় একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন। এই পারস্পরিক সহযোগিতার মানসিকতাই তাকে একজন মানবিক মানুষ হতে সাহায্য করেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন