নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই ভারতের যেকোনো পদক্ষেপ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হতে পারে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহার নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
শুভেন্দু অধিকারীর সীমান্ত নীতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সমতার ভিত্তিতে সার্বভৌমত্বের ওপর প্রতিষ্ঠিত। ভারতের কোনো অঙ্গরাজ্যের নির্বাচন বা তার ফলাফল কী হলো, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কোনো বিজয়ী দল যদি কোনো বক্তব্য দিয়ে থাকে, তার জবাব দেওয়ার প্রয়োজন নেই।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। তিনি বলেন, “যদি ভারতীয় সীমানার মধ্যে নো-ম্যানস ল্যান্ড বজায় রেখে তারা কাঁটাতারের বেড়া দিতে চায়, তবে সেটি কূটনৈতিকভাবে আলাপ-আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব সীমান্তে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং পুশ-ইন ঠেকানো।”
বাজার দর ও চাঁদাবাজি নিয়ে বিরোধীদলীয় নেতার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিরোধী নেতার কাছে যদি চাঁদাবাজির নির্দিষ্ট কোনো খতিয়ান থাকে, তবে আমাকে দিন। আমি অবশ্যই কঠোর ব্যবস্থা নেব।”
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।