ইরানের কৌশলে বিভক্ত ট্রাম্প প্রশাসন, কোন দিকে যাচ্ছে যুদ্ধ?

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
ইরানের কৌশলে বিভক্ত ট্রাম্প প্রশাসন, কোন দিকে যাচ্ছে যুদ্ধ?

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চললেও ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা না দেখে ক্রমেই হতাশ হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অনমনীয় অবস্থান এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় মার্কিন প্রশাসনের ভেতরে এখন বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে দুই ধরনের বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।

সিএনএন ও অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের একটি প্রভাবশালী অংশ মনে করছে, আলোচনার পথ এখন মৃত। তাদের মতে, ইরানের ওপর আরও কঠোর চাপ প্রয়োগ করতে এবং তাদের আলোচনার টেবিলে বাধ্য করতে ‘লক্ষ্যভিত্তিক সামরিক হামলা’ (Targeted Military Strikes) চালানো প্রয়োজন। অন্যদিকে, প্রশাসনের আরেকটি অংশ মনে করছে, এখনই সামরিক উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।

সূত্রমতে, ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে ট্রাম্প ব্যক্তিগতভাবে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ ও ‘বোকামিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। হোয়াইট হাউসের ধারণা, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির কারণেই দেশটির নেতৃত্ব পারমাণবিক আলোচনায় কোনো বড় ছাড় দিতে পারছে না।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অনেকে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, ইসলামাবাদ ইরানের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অনেক বেশি ইতিবাচক চিত্র দেখাচ্ছে এবং ট্রাম্পের কঠোর বার্তা তেহরানের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না।

সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তবে সূত্রগুলো বলছে, মঙ্গলবার বিকেলে চীন সফরে যাওয়ার আগে ট্রাম্প বড় কোনো যুদ্ধংদেহী সিদ্ধান্ত নেবেন—এমন সম্ভাবনা কম। তবুও বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধস নামতে পারে এবং মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে নতুন সামরিক সংঘাত।

মন্তব্য করুন