পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ণ
পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির জাতাইর পাগলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ্ এস্টেটের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) এই ক্যাম্পে এলাকার সহস্রাধিক গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পে সেবা প্রদান করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা দন্ত, চোখ, কান, গলা, অর্থোপেডিক ও মেডিসিন বিষয়ে আগত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।

ওয়াকফ্ এস্টেটের মোয়াতল্লীন ও অবসরপ্রাপ্ত এডিশনাল এসপি মোঃ এনামুল হক চৌধুরী বলেন, “আমার দাদা মরহুম উমির উদ্দিন ১৯৪৪ সালে সামাজিক ও ধর্মীয় উন্নয়নে কিছু সম্পত্তি ওয়াকফ করে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা এই জনহিতকর কাজ করে আসছি।” আওলাই ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী এবং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

বর্তমান বাজারে ওষুধের চড়া মূল্যের সময় বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকরা জানিয়েছেন, আগামীতেও জনস্বার্থে এমন সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন