এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ছেলে-মেয়ের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নিরীহ পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় বড় মাধবপুর নতুন বাজার এলাকায় এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ জিয়া মল্লিকের ছেলে জিহাদ মল্লিক এবং রাশেদুল ইসলাম মিঠুর মেয়ে মুক্তা আক্তার প্রেমের সম্পর্কের জেরে বাড়ি থেকে চলে যান। এই ঘটনায় মেয়ের মা সাফিয়া বেগম একটি মামলা দায়ের করলে পুলিশ জিহাদ মল্লিকের বাবা মোহাম্মদ জিয়া মল্লিককে গ্রেপ্তার করে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে নির্দোষ জিয়া মল্লিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অংশগ্রহণকারীরা বলেন, প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের দায় পরিবারের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। জিয়া মল্লিক সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী প্রশাসনের প্রতি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁরা বলেন, জিয়া মল্লিকসহ তাঁর আত্মীয়-স্বজনদের অহেতুক পুলিশি হয়রানি বন্ধ করে দ্রুত মুক্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ.আই.এল/সকালবেলা