ঈদে নারী যাত্রীদের স্বস্তি: প্রতিটি ট্রেনে আলাদা কামরা বরাদ্দের নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
ঈদে নারী যাত্রীদের স্বস্তি: প্রতিটি ট্রেনে আলাদা কামরা বরাদ্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রচলিত আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা (কোচ) বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার বাধ্যবাধকতা রয়েছে। এমনকি ৫০ মাইলের বেশি পথ পাড়ি দেওয়া ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার নিয়মও রয়েছে। এছাড়া ১১৯ ধারা অনুযায়ী, অনুমতি ছাড়া ওই কামরায় পুরুষ প্রবেশ করলে জরিমানার বিধান রয়েছে।

আইনজীবী জানান, আইনের এই ধারাগুলো দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট দায়ের করেন। সেই রিটের প্রেক্ষিতে জারি করা রুল বিচারাধীন থাকা অবস্থায় আসন্ন ঈদে নারীদের ভ্রমণ কষ্ট লাঘবে একটি সম্পূরক আবেদন করা হয়। আদালত সেই আবেদনের শুনানি নিয়ে এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

এই আদেশের ফলে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো নারী যাত্রীরা অধিকতর নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে যাতায়াত করতে পারবেন বলে আইনজীবীরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন