নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পার হওয়ার সময় মালবাহী একটি ইজিবাইকের ধাক্কায় রোজা (৪) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহাম্মেদের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি আচার কেনার জন্য বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল। কাঙ্ক্ষিত আচার না পেয়ে হাতে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল সে। এসময় দ্রুতগতির একটি মালবাহী ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
একটি মুহূর্তের অসতর্কতা আর বেপরোয়া গতির বলি হলো নিষ্পাপ শিশুটি। মা-বাবার কোল আলো করা রোজার এমন অকাল প্রস্থানে পুরো সেনেরহুদা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ইজিবাইক ও চালকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ.আই.এল/সকালবেলা