স্পোর্টস ডেস্ক: মাদারীপুরের উদীয়মান কারাতে তারকা মাইশা জেবিন এখন মার্শাল আর্ট অঙ্গনে এক নতুন সম্ভাবনার নাম। সম্প্রতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচিতে জেলা পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন এই কিশোরী।
মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাইশা -৪৫ কেজি ওজন শ্রেণিতে (কুমি) অংশ নিয়েছিলেন। ফাইনালে সপ্তর্ষিমণ্ডল মৃদ্যুতৃষ্ণাকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন। এর আগে প্রথম রাউন্ডে জুহাইরা তাসনিম জুহা, দ্বিতীয় রাউন্ডে মারিয়া আক্তার এবং তৃতীয় রাউন্ডে হাফসা রোজাকে হারিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তিনি।
মাদারীপুর সদরের আমিরাবাদ এলাকার এমরান হোসেন ও নার্গিস আক্তার দম্পতির কন্যা মাইশা ২০২১ সালে মাদারীপুর জেলা প্রশাসন (গোজোরিও) ক্লাবে ভর্তি হন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বর্তমানে গোজোরিউ স্টাইলে 'ব্রাউন বেল্ট ১ম কিউ' অর্জন করেছেন।
এটিই মাইশার প্রথম সাফল্য নয়; এর আগে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এবং ২০২৪ সালের বিজয় দিবস আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। গত বছর স্কুল পর্যায়ের দলীয় প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেন এই উদীয়মান তারকা।
ভবিষ্যতে বিশ্বমঞ্চে লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন মাইশা জেবিন। তাঁর এই সাফল্যে মাদারীপুর জেলা জুড়ে বইছে প্রশংসার জোয়ার।