নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১ এর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘এখানে তো আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না। আমাদের সঙ্গে চলাফেরা করা, উঠবস করা লোকেরাই চাঁদাবাজি করে। তাদের পরিচয় আমরা সবাই জানি।’
মঙ্গলবার (১২ মে) দুপুরে বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি অস্থির। ব্যবসায়ীরা তাঁর কাছে অভিযোগ করেছেন, বাজারে ‘নীরব চাঁদাবাজি’ চলছে এবং কথা বলতে চাইলে ব্যবসায়ীদের চেপে রাখা হচ্ছে। সরকারিভাবে কম টাকায় বরাদ্দ পাওয়া দোকানগুলো কয়েকগুণ বেশি দামে ভাড়া দিয়ে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে।
চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘প্রতিরোধ করতে হবে সম্মিলিতভাবে। ব্যবসায়ীরা চাইলে প্রতিরোধের জন্য আমরা প্রস্তুত আছি। আমি সংসদেও বলেছি, সংসদ সদস্যরা যদি সিদ্ধান্ত নেন তবে বাংলাদেশে কারও চাঁদাবাজি করার সাহস থাকবে না।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের এখন বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে কৃষক পণ্যের দাম পাচ্ছে না, আবার ভোক্তারাও চড়া দামে কিনছেন। এই চক্র ভাঙতে জামায়াতের লড়াই সংসদের ভেতরে ও বাইরে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।