নাগরপুরে অবৈধ বালু পরিবহনে জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
নাগরপুরে অবৈধ বালু পরিবহনে জরিমানা

রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার দেওয়াকুটি মৌজায় পরিচালিত এই অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাকুটিয়া এলাকার মাসুদ রানা (পিতা- মো. শওকত) অবৈধভাবে বালু পরিবহন করার সময় হাতেনাতে আটক হন। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালুবাহী একটি ট্রাফি ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক ও পরিবেশ আইন অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নাগরপুরের স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তবে জনস্বার্থে অবৈধ বালু কারবারিদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন