সাঈদ পান্থ, বরিশাল: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব-৮।
মঙ্গলবার (১২ মে) দুপুর সোয়া ১২টার দিকে জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ৮ জন দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৬ জন নারী ও ২ জন পুরুষ দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজন রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝালকাঠির তাসনিম জাহান মিম (২৩), সদর উপজেলার হাফিজা আক্তার, সুমি আক্তার (১৯), পটুয়াখালীর লাবনী আক্তার নাজমা (২৮) ও ছাবিনা (৩০), চরমোনাই এলাকার মো. রুবেল (২২), নগরীর কাশিপুর এলাকার আয়েশা সিদ্দিকা (৩০) এবং রুমান সরদার (১৭)।
মেজর আশিক ইকরাম জানান, দালালরা বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে। তারা হাসপাতালে আসা রোগীদের ফাঁদে ফেলে নিজস্ব সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিল। র্যাব সদস্যরা সকাল থেকেই সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাঁদের চিহ্নিত করে। দালাল নির্মূলে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত সোমবার (১১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন শেবাচিম হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের অব্যবস্থাপনা এবং দালাল চক্রের সরব উপস্থিতি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রীর সেই কড়া বার্তার পরদিনই এই সাঁড়াশি অভিযান চালাল র্যাব।
এ.আই.এল/সকালবেলা