উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা

রাইড শেয়ারিং সেবার গণ্ডি পেরিয়ে এবার বৈশ্বিক ‘সুপার অ্যাপ’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল উবার। সম্প্রতি তাদের বার্ষিক ‘গো-গেট’ (GO-GET) প্রোডাক্ট ইভেন্টে নতুন দুটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

উবারের নতুন সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো অ্যাপের মাধ্যমেই হোটেল বুকিং। এই সেবার জন্য ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান এক্সপিডিয়া  সঙ্গে অংশীদারত্ব করেছে উবার। এর ফলে ব্যবহারকারীরা বিশ্বের ৭ লাখের বেশি হোটেল ও আবাসন সরাসরি অ্যাপ থেকে বুক করতে পারবেন। এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ ‘ওপেনটেবল’-এর মাধ্যমে রেস্তোরাঁ রিজার্ভেশন এবং ‘ভিআরবিও’-এর মাধ্যমে ভ্যাকেশন রেন্টালের সুবিধাও যুক্ত হবে।

কেনাকাটায় বৈপ্লবিক পরিবর্তন আনতে উবার চালু করেছে ‘শপ ফর মি’ ফিচার। এর মাধ্যমে উবারের নিজস্ব প্ল্যাটফর্মে তালিকাভুক্ত নয়, এমন দোকান থেকেও ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো পণ্য অর্ডার করতে পারবেন।

উবারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রবীণ নেপাল্লি নাগা জানান, তারা এমন একটি ইকোসিস্টেম তৈরি করতে চান যেখানে একজন যাত্রী বিমানবন্দর যাওয়া থেকে শুরু করে গন্তব্যে পৌঁছে হোটেল বুকিং এবং রেস্তোরাঁয় খাবার অর্ডার সবই একটি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারেন। বর্তমানে বিশ্বজুড়ে উবারের প্রায় ১৯৯ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে, যাদেরকে এই সর্বজনীন সেবা প্রদান করাই উবারের মূল লক্ষ্য।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন