নাইজেরিয়ায় ফের বিমান হামলা: নিহত অন্তত ১০০

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
নাইজেরিয়ায় ফের বিমান হামলা: নিহত অন্তত ১০০

আন্তর্জাতিক ডেস্ক; আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অ্যামনেস্টি বলেছে, গত রোববার দুপুরের দিকে জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই এলাকায় একাধিক সামরিক বিমানকে চক্কর দিতে দেখা যায়। এর প্রায় দুই ঘণ্টা পর বিমানগুলো ফিরে এসে বাজারে অতর্কিত বোমা হামলা চালায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আহত কয়েক ডজন মানুষকে জুরমি ও নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, গত এপ্রিলেও উত্তর-পূর্ব নাইজেরিয়ার জিলি এলাকায় একটি সাপ্তাহিক বাজারে বিমান হামলায় অন্তত ২০০ বেসামরিক নাগরিক নিহত হন। সেই ঘটনার তদন্ত এখনো চলমান। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার এই ধরনের প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নাইজেরীয় কর্তৃপক্ষের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

নাইজেরিয়ার সেনাবাহিনী ডাকাত দল ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করলেও বারবার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিচ্ছে।

মন্তব্য করুন