মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য এস এম আতিয়ার রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে তিনি এই প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন।
লিখিত বক্তব্যে ইউপি সদস্য আতিয়ার রহমান জানান, গত ১০ মে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলেদের ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় দেলোয়ার ও রকিব নামের দুই ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত হন এবং জনৈক ব্যক্তির ইন্ধনে হট্টগোল সৃষ্টির চেষ্টা করেন। পরবর্তীতে একটি চায়ের দোকানে তাঁকে আটকে নিউজ না করার বিনিময়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন তাঁরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভুঁইফোঁড় অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রচার করে।
আতিয়ার রহমান অভিযোগ করেন, অভিযুক্ত দেলোয়ার পেশায় একজন মোটরসাইকেল চালক হলেও বর্তমানে নিজেকে যুবদল নেতা ও সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় তরমুজ চাষী ও পরিবহন শ্রমিকদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করছেন। মূলত আগামী ইউপি নির্বাচনে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অভিযুক্তদের কোনো মূলধারার সংবাদপত্রের পরিচয়পত্র নেই। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে আসছেন। ভুয়া সাংবাদিক পরিচয়ধারী এই চাঁদাবাজদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান ভুক্তভোগী ইউপি সদস্য।
এ.আই.এল/সকালবেলা