নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি: সাদিয়া আয়মান

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি: সাদিয়া আয়মান

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অনুভূতি ও ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে মা, পরিবার এবং ধৈর্য নিয়ে নিজের জীবনবোধের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সাদিয়া আয়মান তার মাকে নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন। তিনি বলেন, “আমি চাই যেন একটা সময় আমার আম্মুর মতো হতে পারি। যেখানেই আমি যাই, আমি না থাকলে মানুষ যেন আমাকে খুঁজতে থাকে। আম্মু আমার দেখা সবথেকে ধৈর্যশীল নারী। মন জয় করে কীভাবে চলতে হয়, সেটা আমি আম্মুর থেকেই শিখেছি।”

শুটিং সেটের অভিজ্ঞতার কথা টেনে সাদিয়া জানান, মিডিয়ায় কাজ করার পর থেকে তিনি আরও বেশি ধৈর্যশীল হতে শিখেছেন। উদাহরণ হিসেবে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি আউটডোর শুটিংয়ের স্মৃতিচারণ করেন তিনি। দীর্ঘক্ষণ না খেয়ে কাজ করার পর পারস্পরিক সহযোগিতার সেই মুহূর্তগুলো তাকে মানবিক হতে শিখিয়েছে।

নিজের স্বভাবের পরিবর্তন নিয়ে সাদিয়া বলেন, “আগে আমি অনেক অধৈর্যশীল ও চঞ্চল ছিলাম, খুব দ্রুত কথা বলতাম। এখন নিজেকে অনেক পরিণত করছি। আমি একজন মানবিক মানুষ এবং নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি।” চেহারার দিক থেকেও নিজেকে মায়ের ‘ওল্ডার ভার্সন’ হিসেবে কল্পনা করতে পছন্দ করেন এই তরুণ অভিনেত্রী।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন