আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী ‘আনসার আল-ফুরকান’-এর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম মঙ্গলবার (১২ মে) এই তথ্য নিশ্চিত করেছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম আব্দুলজলিল শাহবাখশ। ইরানি কর্তৃপক্ষের দাবি, শাহবাখশ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে অংশ নিয়েছিলেন এবং একটি নিষিদ্ধ ‘সন্ত্রাসী সংগঠন’র সদস্য ছিলেন। এই গুরুতর অপরাধের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন আদালতে শাহবাখশকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তিনি আপিল করেন। তবে ইরানের সুপ্রিম কোর্ট সেই আপিল খারিজ করে পূর্বের মৃত্যুদণ্ড বহাল রাখে। চূড়ান্ত আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাঁর দণ্ড কার্যকর করা হয়।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরেই ইরান সরকার এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার উত্তেজনার কেন্দ্রবিন্দু। এর আগে এ অঞ্চলে অস্থিরতা তৈরির অভিযোগে আরও কয়েকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে তেহরান।