আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আদর্শ ইসলামী একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং শরীরের সঠিক বৃদ্ধিতে পুষ্টির ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সুস্থ করে গড়ে তুলতে শৈশব থেকেই সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে।
আদর্শ ইসলামী একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন করে তুলবে। আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ.আই.এল/সকালবেলা