ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও অন্তত ১১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ ভ্যানে ইসরায়েলি হামলায় দুই কর্মকর্তা ও দুই সহকারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও তিন সাধারণ নাগরিক। এর আগে গাজা সিটির শেখ রেদওয়ান পুলিশ স্টেশনের কাছে টহলরত পুলিশ সদস্যদের ওপর হামলায় আরও দুই কর্মকর্তা নিহত হন।
উত্তরাঞ্চলীয় গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। এই হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে চিকিৎসাসূত্র নিশ্চিত করেছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক পুলিশ বাহিনীর ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, পুলিশ কোনো সামরিক বাহিনী নয়, তারা সাধারণ মানুষের জন্য জরুরি সেবা প্রদান করে। এই হামলার বিষয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটিসহ বিশ্ব সংস্থাগুলোর 'দীর্ঘস্থায়ী নীরবতা'কে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে গাজা কর্তৃপক্ষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল এ পর্যন্ত ২,৪০০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে ৯৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ২,২৩৫ জন আহত হয়েছেন। উল্লেখ্য, মূল যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় ৭২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: টিআরটি উর্দু।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ