ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী-এমপিকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কাজী সালিমা হক মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, "আমাদের সরকারের প্রধান লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। আমি সরকারের কাছে শিক্ষকদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব পেশ করবো।" তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। সারাদেশের উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরির উন্নয়ন করা হবে।
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, "গত ১৮ বছর দেশ এক দানবীয় ফ্যাসিস্ট শক্তির দখলে ছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি না লিখলেও ৯৮ শতাংশ পাস করানোর যে নির্দেশ দিয়েছিলেন, তা ছিল জাতি ধ্বংসের চক্রান্ত। বর্তমান সরকার সেই অন্ধকার যুগ থেকে শিক্ষাকে আলোর পথে ফিরিয়ে আনছে।"
কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা ও ওসি (তদন্ত) আবুল খায়ের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুজ্জামান।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ