ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীর দেওয়া তালাক সহ্য করতে না পেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাছির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বগুড়া শহরের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত জুয়া খেলতেন। এর ফলে তিনি বিপুল ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। ঋণের টাকা শোধ করার জন্য তিনি প্রায়ই স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করতেন। গত কয়েকদিন ধরে তিনি স্ত্রীকে টাকা দিতে অথবা তালাক দিতে বাধ্য করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে তাঁর স্ত্রী তাঁকে তালাক দিলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
তালাকের বিষয়টি জানার পর শুক্রবার বিকেলে ক্ষোভ ও হতাশা থেকে মাছির বাজার মসজিদের সামনের সড়কে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন নজরুল। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১১টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল দীর্ঘদিন কর্মহীন ছিলেন এবং জুয়ার কারণে অনেকের কাছ থেকে টাকা ধার করেছিলেন। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেনা ও দাম্পত্য কলহের কারণে নজরুল ইসলাম চরম হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নেন। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ