ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল কাইয়ুম (আরজু), কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঋণের কিস্তি আদায়ের জেরে এনজিও কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারী গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
আহত গৃহবধূ খাইরুন বেগম জানান, গত ডিসেম্বরে এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে তাঁর স্বামী নজির মোল্লা কুয়েতে পাড়ি জমান। কিন্তু বিদেশে যুদ্ধ পরিস্থিতির কারণে স্বামী টাকা পাঠাতে না পারায় কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছিলেন তিনি। শনিবার দুপুরে এনজিওর ধানখালী শাখার ম্যানেজার মনির হোসেনসহ চারজন কর্মী তাঁর বাড়িতে এসে কিস্তির জন্য চাপ সৃষ্টি করেন।
খাইরুনের অভিযোগ, টাকা নেই এবং তিনি অসুস্থ—একথা বলার পর কর্মীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাঁর চুল ধরে টেনে হিঁচড়ে বাইরে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাঁর পেটে লাথি মারা হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ববি মালকার জানান, গৃহবধূর তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে। আল্ট্রাসনোগ্রামে গর্ভের সন্তান আপাতত স্থিতিশীল থাকলেও বড় ধরনের ঝুঁকি এড়াতে তাঁকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মালা বেগম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অমানবিক বলে অভিহিত করেছেন। তবে এনজিওর শাখা ম্যানেজার মনির হোসেন মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ