অনক আলী হোসেন শাহিদী
দেশের পর্যটন খাতের অন্যতম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-এ দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত আটজন অভিজ্ঞ কর্মচারী পুনরায় কাজে যোগদানের জন্য আবেদন করেছেন। তারা হলেন—মান্নান মাতুব্বর (সহকারি পরিবেশক), মোঃ সাগর ইসলাম (বেল ম্যান), মোঃ মোশারফ হোসেন (উচ্চমান সহকারী), মোঃ জাহাঙ্গীর হোসেন (সহকারী পরিবেশক), মোহাম্মদ বুলু মিয়া (সহকারী পরিবেশক), মোহাম্মদ আরশাদ আলী (রুম বয়), মোঃ মনোয়ার হোসেন (সহকারী পরিবেশক) এবং মোহাম্মদ বিল্লাল হোসেন (সহকারী পরিবেশক)।
গত ১৩ এপ্রিল তারা কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জমা দিয়ে মানবিক বিবেচনায় পুনর্বহালের দাবি জানান। আবেদনে উল্লেখ করা হয়, তারা ১০ থেকে ২৫ বছর পর্যন্ত বিভিন্ন ইউনিটে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৪ সালের আগস্টে দেশের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন পর্যটন ইউনিট ক্ষতিগ্রস্ত হলে সংস্কার কাজের জন্য তাদের সাময়িকভাবে কর্মবিরতিতে রাখা হয়।
বর্তমানে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো পুনরায় চালু হলেও এই আটজন কর্মচারী এখনও কাজে ফিরতে পারেননি। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে অন্য পেশায় যুক্ত হওয়াও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হয় এবং আবেদনকারীদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট মহল মনে করছেন, অভিজ্ঞতা ও মানবিক দিক বিবেচনায় এই আটজন কর্মচারীকে দ্রুত পুনর্বহাল করা হলে তা একদিকে যেমন তাদের জীবিকার নিশ্চয়তা দেবে, অন্যদিকে কর্পোরেশনের সেবার মানও আরও সুদৃঢ় হবে।