ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে চলতি মৌসুমের বোরো ধানের ফলন যাচাই ও কৃষকদের উৎসাহিত করতে নমুনা সংগ্রহ ও শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে শিবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বাজনাব এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটার শুভ সূচনা করেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন। নমুনা শস্য কর্তনের মাধ্যমে প্রতি হেক্টরে ধানের গড় ফলন নির্ধারণ করা হয়। কৃষি বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শের ফলে এবার ফলন বেশ সন্তোষজনক হয়েছে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জান্নাত তোরণ এবং শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশানসহ কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার মোহসিনা জান্নাত তোরণ জানান, সঠিক সময়ে সঠিক জাতের ধান রোপণ এবং পোকা-মাকড়ের আক্রমণ কম থাকায় এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তিনি বৈরী আবহাওয়ার আগেই দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অতিথিবৃন্দ নিজেরা কাঁচি হাতে ধান কেটে এই উৎসবের উদ্বোধন করলে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ