অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী নূরুল আলম সিদ্দিকী তাঁর বিরুদ্ধে ওঠা মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। 

শনিবার (২৫ এপ্রিল) সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশন সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল আলম সিদ্দিকী দাবি করেন, আসন্ন নির্বাচনে তাঁর জনপ্রিয়তা ও দীর্ঘদিনের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্ররোচনায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি আব্দুর রহমান মন্টু, রাকিবুল ইসলাম রাজাসহ কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অসত্য তথ্য প্রচার করেছেন। 

মেয়র প্রার্থী নূরুল আলম জানান, ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি বৈধভাবে ফুলছেন্না মৌজায় প্রায় ৫৯ শতাংশ জমি ক্রয় করেন, যার সকল বৈধ কাগজপত্র ও নামজারি সম্পন্ন রয়েছে। উল্টো অভিযোগ করে তিনি বলেন, ওই জমির একটি অংশ দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রেখেছেন আব্দুর রহমান মন্টু। এছাড়া তাঁর প্রবাসী ভাইয়ের কাছ থেকে ক্রয় করা জালালপুর মৌজার জমি ও টিনসেট ভবন শফিকুল ইসলাম ও আনোয়ারা বেগম ২০১৮ সাল থেকে ভাড়া পরিশোধ না করে অবৈধভাবে দখল করে রেখেছেন।

নূরুল আলম সিদ্দিকী বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনগণের সেবা করে আসছি এবং মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগ চালাচ্ছি। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ মহল রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আমাকে হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে।” তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন